কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে কাতারের বর্তমান আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সংহতি ও সমবেদনা জানাতে আগামীকাল মঙ্গলবার দোহা যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে এই প্রতিনিধিদলটি কাতারে যাবে। আজ সোমবার বিকেলে সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হবে। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজ সোমবার গুলশানে অবস্থিত কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় তিনি শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।
বাংলাদেশ ও কাতারের মধ্যকার দীর্ঘদিনের ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে বলে উল্লেখ করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
গতকাল রোববার মারা যান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করা এই নেতাকে আধুনিক কাতারের স্থপতি এবং দেশটির চোখধাঁধানো উন্নয়নের অন্যতম কারিগর হিসেবে গণ্য করা হয়। তিনি বর্তমান আমিরের পিতা।
সাবেক আমিরের মৃত্যুতে গতকাল কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, "কাতারের সাবেক আমিরের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে তিনি কাতারের আমির, রাজপরিবার, সরকার ও ভ্রাতৃপ্রতিম কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।"






