বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়াহ। সোমবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে অবস্থিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের জন্য হজ ফ্লাইটের কর কমানোর অনুরোধ জানানো হয়।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, "বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমানোর লক্ষ্যে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানো হলে তা দেশের বিপুলসংখ্যক হজযাত্রীর জন্য সহায়ক হবে।"
হজযাত্রীদের এই ব্যয় লাঘবে তিনি সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস প্রদান করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশি হজযাত্রীদের সেবার মানোন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি আরবের সরকার আন্তরিক রয়েছে।"
তিনি আরও আশ্বাস দেন যে, এই লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উদ্যোগ নেওয়া হবে। পরিশেষে, উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






