সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোর সোয়া চারটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স ছিল ৭৭ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং গত তিন মাস ধরে ঢাকার ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ ভোরে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা বায়েজিদ আল নাহিয়ান। তিনি জানান, "নজরুল ইসলাম চৌধুরীর লাশ চট্টগ্রাম নগরের বেভারলি হিল আবাসিক এলাকার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে রাত ১০টায় প্রথম জানাজা হবে। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর চন্দনাইশে পারিবারিক কবরস্থানে নজরুল ইসলাম চৌধুরীর লাশ দাফন করা হবে।"
নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) হয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহসভপতির দায়িত্ব পালন করেছেন।