বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে অতীতের সম্পর্ক নিয়ে করা একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ও মডেল মুজাম্মিল ইব্রাহিম। বিশেষ করে বিচ্ছেদ প্রসঙ্গে তাঁর ‘আমার কোনো আফসোস নেই’ মন্তব্য এবং সম্পর্কটি তাঁর পক্ষ থেকে শেষ করার দাবি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। এই পরিস্থিতির প্রেক্ষিতে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মুজাম্মিল জানান, বর্তমানে যে সাক্ষাৎকারটি নতুন দাবি হিসেবে প্রচার করা হচ্ছে, সেটি আসলে এক বছরেরও বেশি আগে ধারণ করা হয়েছিল। তিনি লেখেন, ‘যে সাক্ষাৎকার নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং যেটিকে ভুলভাবে “নতুন দাবি” হিসেবে শিরোনাম করা হচ্ছে, সেটি এক বছরের বেশি আগে রেকর্ড করা হয়েছিল। বর্তমানে যে অংশগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো একটি দীর্ঘ আলাপের ছোট ছোট অংশ মাত্র। সম্পাদনার কারণে অনেক সময় দ্বিধা, প্রেক্ষাপট ও যে সম্মানের সঙ্গে বিষয়গুলো বলা হয়েছিল, তা হারিয়ে যায়।’
অতীতের সম্পর্কের মানুষদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার কথা উল্লেখ করে মুজাম্মিল আরও বলেন, ‘আমি সব সময় আমার অতীতের মানুষদের সম্পর্কে সম্মান রেখেই কথা বলার চেষ্টা করেছি, এখনো সে অবস্থানেই আছি। অন্য সবার মতো আমিও বহু বছর ধরে আমার কাজ ও ব্যক্তিগত জীবন নিয়েই এগিয়ে চলেছি। আমি চাই, আলোচনাটাও সেখানেই সীমাবদ্ধ থাকুক। আমি সৎভাবে কথা বলায় বিশ্বাস করি, তবে সেই সততা অবশ্যই সম্মানের সঙ্গে হওয়া উচিত।’
উল্লেখ্য, ২০২৫ সালের জুনে সাংবাদিক সিদ্ধার্থ কাননের ইউটিউব অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মুজাম্মিল প্রথমবারের মতো দীপিকার সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানান। বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওর অংশে তিনি দাবি করেন, দীপিকাই প্রথম তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এবং সম্পর্কটি শেষ করার সিদ্ধান্তও তিনিই নিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে মুজাম্মিল বলেন, ‘আমি কাউকে ছেড়ে আসার জন্য কখনো আফসোস করি না। তখন আমি তারকা ছিলাম, সে ছিল একজন মডেল। এখন সে সুপারস্টার, আর আমাকে কেউ চেনে না। তবে আমি তার বড় ভক্ত।’
মুজাম্মিল আরও দাবি করেন, মুম্বাইয়ে আসার পর দীপিকার প্রথম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর সঙ্গেই। বিচ্ছেদের পর কয়েক বছর তাঁদের মধ্যে বন্ধুত্ব ও ফোনে যোগাযোগ থাকলেও দীপিকার বিয়ের পর তা বন্ধ হয়ে যায়। দীপিকার বর্তমান সাফল্য দেখে তাঁর কোনো হিংসা নেই, বরং তিনি খুশি যে দীপিকা জীবনে সফল হয়েছেন।
এদিকে দীপিকা পাড়ুকোন বর্তমানে সিদ্ধার্থ আনন্দর ‘কিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। জানা গেছে, সিনেমাটির কাজ শেষ করেই তিনি মাতৃত্বকালীন বিরতিতে যাবেন।