পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য দেশবাসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণের তুলনায় গাছের সংখ্যা অনেক কম। তিনি বলেন, পরিবেশ–জলবায়ুর যেসব সমস্যার মুখোমুখি বাংলাদেশ, তার সমাধানে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর সরকারের পরিকল্পনা হলো আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো।

রোপণ করা গাছের যথাযথ যত্নের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, রোপণ করা গাছ বড় হলে পরিবেশগত উপকারিতাসহ অন্যান্য সুফল সবাই পাবে।

দেশ সবার, তাই এর যত্ন নেওয়ার দায়িত্বও সবার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, দেশের পরিবেশ নষ্ট হলে ছোট-বড় নির্বিশেষে সবারই ক্ষতি হবে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা চেষ্টা করি, সেখানে–সেখানে আবর্জনা যেন না ফেলি।’

বরিশাল জেলা সফরের উদ্দেশ্যে আজ সকালে রাজধানীর গুলশানে অবস্থিত তাঁর বাসভবন থেকে রওনা হন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম বরিশাল সফর। সফরকালে তিনি বৃক্ষরোপণের পাশাপাশি ফ্যামিলি কার্ড প্রদান এবং সাংগঠনিক সভা সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।