চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশার শীলপাড়ায় বন্যার পানি থই থই করছে। অনেক ঘরের মেঝে ডুবে যাওয়ায় সুকুমার শীলের পরিবার গত বুধবার থেকে পানির মধ্যে দিন কাটাচ্ছে। রান্নাঘর অচল হয়ে পড়ায় তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কয়েক দিন ধরে ত্রাণের অপেক্ষায় থাকলেও তেমন সহায়তা পাননি তাঁরা।

আজ রোববার দুপুরে মুক্তকণ্ঠ বন্ধুসভার সদস্যরা সুকুমার শীলের হাতে খাদ্যসামগ্রীর একটি প্যাকেট তুলে দেন। প্যাকেটে ছিল মুড়ি, চিড়া, বিস্কুট, মোমবাতি, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, নাপা, গুড়সহ প্রয়োজনীয় সামগ্রী। সুকুমার শীল বলেন, "ত্রাণ পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছি, তবে ঘরের ভেতরে পানি জমে থাকায় অনিশ্চয়তা এখনো কাটেনি।"

মুক্তকণ্ঠ বন্ধুসভা শুধু সুকুমার শীলের পরিবার নয়, পানিবন্দী ৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছে। এই উদ্যোগে সহযোগিতা করেছে মুক্তকণ্ঠ ট্রাস্ট। গতকাল দিনভর বন্ধুসভার সদস্যরা শীলপাড়া, ইউসুফ মাঝির বাড়িসহ বিভিন্ন এলাকায় ঘুরে পানিবন্দী পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউসুফ মাঝির বাড়ির বাসিন্দা মোহাম্মদ শওকতের ঘরেও এখনো পানি। তিনি বলেন, "বাসার ভেতরে পানি এখন টানা পাঁচ দিন। পানি পুরোপুরি নামছে না। কাজেও যেতে পারছি না। সবচেয়ে বেশি চিন্তা খাবার নিয়ে। এখন কিছুটা হলেও স্বস্তি এসেছে।"

বন্ধু সাঈদ আল সোহেল জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাঁদের সামাজিক দায়বদ্ধতার অংশ। তিনি বলেন, "পানি পুরোপুরি না নামা পর্যন্ত দুর্গত মানুষের খোঁজখবর নেওয়া এবং সামর্থ্য অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।"

বন্যার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে। হিসাবের নাম: মুক্তকণ্ঠ ট্রাস্ট/ত্রাণ তহবিল,
হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩০৬৭৫৭৬ এই মার্চেন্ট নম্বরে।