শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে। আহত ব্যক্তির নাম শাকিল আহমেদ, তিনি গোসাইরহাট উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। অভিযুক্ত জসিম উদ্দীন আলওয়ালপুর ইউনিয়নের চরজালালপুর এলাকার ৭৯ নম্বর উত্তর চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

গোসাইরহাট থানা সূত্রে জানা গেছে, শিক্ষক জসিম উদ্দীনের সঙ্গে সহকারী শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের পূর্ব বিরোধ ছিল। রোববার দুপুরে জসিম উদ্দীন রেইনকোট, মুখে মাস্ক এবং চোখে রোদচশমা পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রবেশ করেন। এরপর তিনি সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি কুড়াল বের করে শাকিল আহমেদের ওপর হামলা চালান। এতে শাকিল আহত হন। কার্যালয়ে উপস্থিত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে প্রতিহত করেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করেন।

পরবর্তীতে অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে গোসাইরহাট থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে আটক করে। আহত শিক্ষা কর্মকর্তা গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একটি ভিডিওতে শিক্ষক জসিম উদ্দীনকে অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়। সেখানে তিনি বলেন, ‘আমি সকালে টাইগার (একধরনের কোমল পানীয়) খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।’