নোয়াখালীর মাইজদী শহরে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়লেন দুই পরীক্ষার্থী। ছিনতাইকারীরা তাঁদের স্বর্ণালংকার ও প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যাওয়ায় নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি তাঁরা। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের পৌর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই ছাত্রী নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। তাঁদের পরীক্ষার কেন্দ্র ছিল সোনাপুর কলেজে। পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, দুই ছাত্রী একই এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বান্ধবী। আজ সকালে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য তাঁরা সোনাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি পৌরবাজার এলাকায় পৌঁছালে সেখানে থাকা অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাঁদের অচেতন করে ফেলেন।

এরপর প্রতারক চক্রটি ছাত্রীদের সঙ্গে থাকা সোনার গয়না, নগদ টাকা এবং পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। অটোরিকশাচালক বিষয়টি বুঝতে পেরে ছাত্রীদের পুনরায় তাঁদের যাত্রা শুরুর স্থানে নিয়ে যান। স্থানীয় লোকজন পরিবারের সদস্যদের খবর দিলে তাঁদের দ্রুত শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তাঁরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।

ঘটনার বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুই এইচএসসি পরীক্ষার্থীর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার বিষয়টি নিশ্চিত করেন। মুক্তকণ্ঠকে তিনি বলেন, "তাঁরা ঘটনাটি লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।"

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।