নরসিংদীতে রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী ববি বেগম (৭০) নিহত হওয়ার ঘটনায় বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘উদ্বিগ্ন জনতা’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সারা দেশে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ঘটনাটি ঘটে নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে। গত ৪ জুলাই রাত ২টার দিকে পরিত্যক্ত একটি কক্ষে ঘুমিয়ে থাকা ববি বেগমকে একদল দুর্বৃত্ত মারধর করে এবং তাঁর দীর্ঘদিনের জমানো টাকা লুট করে নিয়ে যায়। এই হামলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ৭ জুলাই রাতে তাঁর মৃত্যু হয়।

ববি বেগম হত্যার বিচার চেয়ে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। সেখানে বক্তারা বলেন, "বাক্প্রতিবন্ধী ববি বেগমের ওপর সংঘটিত নৃশংস হামলা ও মৃত্যুর ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নয়; এটি দেশের ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার একটি উদ্বেগজনক প্রতিচ্ছবি।"

বক্তারা আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ছিনতাই, হত্যা, নারী ও শিশু নির্যাতনসহ নানা ধরনের সহিংস অপরাধ সংঘটিত হলেও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে অপরাধপ্রবণতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

মানববন্ধন থেকে ববি বেগম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, তাঁর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করা এবং সারা দেশে জননিরাপত্তা জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তোলা হয়।

বক্তারা বলেন, "একজন অসহায়, প্রবীণ ও বাক্প্রতিবন্ধী নারীর ওপর এমন নির্মম হামলা সভ্য সমাজের জন্য লজ্জার। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা না হলে মানুষের ন্যায়বিচারের প্রতি আস্থা আরও ক্ষুণ্ন হবে। জনগণের জীবন, নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষায় রাষ্ট্র ও সরকারকে সমান গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।"