সাহিত্যচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এবং সৃজনশীল লেখালেখির মানোন্নয়নের লক্ষ্যে চাঁদপুরে দিনব্যাপী সাহিত্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার অর্ধশত কবি, লেখক ও সাহিত্যপ্রেমী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কর্মশালার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়। সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য মোরশেদা খানম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রশিক্ষণ কর্মশালার প্রথম অধিবেশনে কথাসাহিত্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। তিনি বাংলা সাহিত্যের প্রথিতযশা কবি ও লেখকদের রচনার উদাহরণ টেনে কথাসাহিত্যের ভাষাশৈলী, উপমা ও অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেন। দ্বিতীয় অধিবেশনে কবিতা রচনার কলাকৌশল, ছন্দ ও অলংকার নিয়ে প্রশিক্ষণ দেন চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী। একই কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান প্রবন্ধ ও গবেষণার বিষয়বস্তু নির্বাচন, তথ্য সংগ্রহ ও গবেষণা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথমা প্রকাশনের সমন্বয়ক মেরিনা ইয়াসমিন, বিশিষ্ট গীতিকার কবির বকুল, মুক্তকণ্ঠের চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান ও সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু। সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
এদিকে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মুক্তকণ্ঠ চাঁদপুর বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাসুদ হাসানের সভাপতিত্বে ও ইখতিয়ার উদ্দিন শিশুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তকণ্ঠের চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ। অনুষ্ঠানে মুক্তকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হককে সম্মাননা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘যা কিছু ভালো, তার সাথে মুক্তকণ্ঠ। আজকে চাঁদপুরে এসে দেখলাম, আমাদের বন্ধুসভা অনেক ভালো ভালো কাজ করছে। আমরা মানুষের জন্যে, সমাজের জন্যে সারা বছর নানা কাজ করে থাকি। চাঁদপুরে দেখলাম ক্লিন চাঁদপুর নামে একটি সামাজিক সংগঠনও সামাজিক অনেক ভালো ভালো কাজ করছে। শহরের বিভিন্ন বৈদ্যুতিক পিলার ও গাছকে রংতুলির ছোঁয়ায় রঙিন করে তুলেছে। রাস্তার দুই পাশে সারি সারি নানা গাছ লাগিয়ে পরিবেশকে সুন্দর করেছে। তাঁদের কাজ দেখে ভালো লেগেছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তকণ্ঠের হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল, মেরিনা ইয়াসমিন এবং ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নুরুল আমিন আকাশ।






