বগুড়া সদর থানা পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ক বিভ্রান্তিকর ভিডিও ও রাজনৈতিক বক্তব্য প্রচারের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের গোয়ালগাড়ি এলাকায় অভিযান চালিয়ে সীমা মিত্র (৪০) নামের ওই নারীকে আটক করা হয়। গ্রেপ্তার আসামী সীমা মিত্র পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিংহখালী গ্রামের শরৎ মিত্রের মেয়ে। তিনি বর্তমানে বগুড়ার সুলতানগঞ্জপাড়ার গোয়ালগাড়ি এলাকায় আওয়ামী লীগ নেতা রাহুল গাজীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। উল্লেখ্য, রাহুল গাজী প্রয়াত ভাষাসৈনিক গাজিউল হকের ছেলে।
পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্য ও ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে তা ছড়িয়ে দিচ্ছিলেন সীমা মিত্র। ‘ভয়েজ অব ৭১’ ও ‘sima mittro 71’ নামের দুটি টিকটক অ্যাকাউন্ট থেকে তিনি বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করছিলেন বলে অভিযোগ উঠেছে।
বগুড়া সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।