লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতি সীমান্ত দিয়ে তিন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর বা 'পুশ ইন' করার চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক প্রতিরোধে এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

আজ শনিবার সকালে লালমনিরহাট ৬১ বিজিবি (তিস্তা ব্যাটালিয়ন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ ভোর পৌনে পাঁচটার দিকে ধবলসূতি সীমান্তের একটি পিলারসংলগ্ন এলাকায় ভারতের পশ্চিমবঙ্গের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের ফটক দিয়ে ওই তিন নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেন। খবর পাওয়া মাত্রই লালমনিরহাট ৬১ বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধ গড়ে তোলেন, যার ফলে বিএসএফের পরিকল্পনা ব্যর্থ হয়। বর্তমানে ওই তিন নারী সীমান্ত পিলার থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানানো হয়েছে।

লালমনিরহাট ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীমের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারের সঙ্গে তিনি কথা বলেন এবং পুশ ইনের জন্য সীমান্ত এলাকায় জড়ো করা ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।

ঘটনার পর থেকে পাটগ্রাম সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, পুশব্যাক-সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে এবং সীমান্তে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত আছে।

এ বিষয়ে আজ দুপুরে মুঠোফোনে মুক্তকণ্ঠর সঙ্গে কথা আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে লালমনিরহাট ৬১ বিজিবির (তিস্তা ব্যাটালিয়ন) এক সহকারী পরিচালক বলেন, “এ–সংক্রান্ত বিষয়ে নতুন কোনো তথ্য–উপাত্ত থাকলে বা পাওয়া গেলে তা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”