মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের উত্তাপের মধ্যে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় আটজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই নারী ও এক শিশুকে পুনরায় মিয়ানমারে ফেরত (পুশব্যাক) পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪১ নম্বর সীমান্ত পিলারের গাছবুনিয়া এলাকা দিয়ে একদল লোক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা আটজনকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করেন। পরে তাঁদের ১৯৪৬ সালের বিদেশি নাগরিক আইনে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের বাসিন্দা বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, "অনুপ্রবেশের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিরা মিয়ানমারের কোনো সশস্ত্র বাহিনী বা সশস্ত্র গোষ্ঠীর সদস্য কি না, তার অনুসন্ধান চলছে।"

এদিকে, একই দিনে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক হওয়া দুই নারী ও এক শিশুকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, "রাখাইনে চলমান সংঘাতের কারণে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি মাদক ও চোরাচালান, মানব পাচার এবং সীমান্তকেন্দ্রিক অন্যান্য অপরাধ প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে।"