বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) শুরুর উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে এই তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

সংসদে দেওয়া তথ্যে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে আমদানির পরিমাণ ছিল ১১,৩৮৮.৩৩ মিলিয়ন ডলার, যার বিপরীতে বাংলাদেশ রপ্তানি করতে পেরেছে মাত্র ১,৭৬৪.২৩ মিলিয়ন ডলার। এই বিশাল ব্যবধান কমিয়ে আনতে এবং বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে সিইপিএ-র প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পের প্রসার ও বিকাশের লক্ষ্যে নতুন আমদানি নীতি নিয়ে আসা হচ্ছে। এছাড়া বর্তমানে ভুটান ও জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তি কার্যকর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।