হাইকোর্টের রায়ে প্রার্থিতা বৈধ ঘোষণার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর প্রচলিত রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির এই প্রার্থী জয়লাভ করলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে আনা ঋণখেলাপির অভিযোগের কারণে তাঁর প্রার্থিতা ও ফলাফল প্রকাশ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। আজ দুপুরে হাইকোর্ট তাঁর প্রার্থিতা বৈধ বলে রায় প্রদান করলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। গেজেট প্রকাশের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণের বিষয়ে সংসদ সচিবালয়ে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়।