ফেনী প্রতিনিধি: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা পুরোনো খেলায় নতুন খেলোয়াড় হতে আসিনি, আমরা বরং খেলা পরিবর্তন করতে এসেছি। আমরা এ রাজনীতিতে রাজনীতিবিদদের জন্য প্রাচীর বানাতে এসেছি। তরুণ প্রজন্মকে এ দায়িত্ব নিতে হবে। তাদের প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। মায়েদের কাছে যেতে হবে। ভাইদের কাছে যেতে হবে। একসঙ্গে তাদের নিয়ে আমাদের সমাজটা গঠন করতে হবে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজী উপজেলার জিরো পয়েন্টের পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার উদ্বোধনী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে এনসিপি এই পদযাত্রার আয়োজন করে।

বক্তব্যে বিএনপিকে লক্ষ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেকেই আমাদের বলেন, আগে আমরা রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি। কিন্তু যাঁরা এই কথা বলেন তাঁরা ভুলে গেছেন, তাঁরা আগে রিকশা চালাতেন, এখন তাঁরা প্রাডো গাড়ি চালান। তাঁদের নিজেদের প্রশ্ন করা উচিত, তাঁরা যখন আগে ধানখেতে ঘুমাতেন, তাঁরা যখন ঢাকায় রিকশা চালাতেন, এই কয়েক দিনের মধ্যে তাঁরা এখন কীভাবে নিজের গাড়ি কিনেছেন? মামলা দিয়ে, মামলা–বাণিজ্য করে, সমাজে বিভাজন তৈরি করে তাঁরা অর্থ আয় করেছেন। বালু–বাণিজ্য করে, নদীর বালু তুলে নিয়ে বালুমহাল করেছেন। আমরা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, একই সঙ্গে চাঁদাবাজদের পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি, আমরা চেয়েছি দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তি তারও পরিবর্তন করতে হবে।’

দেশের বর্তমান পরিস্থিতি ও জনদুর্ভোগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ক্ষমতায় এসে আপনারা বলেছেন, এক কোটি মানুষের কর্মসংস্থান করবেন। ছয় মাস হতে চলল, এখনো একজনের কর্মসংস্থান করতে পারেননি। বিএনপি সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি, হারিকেন ধরিয়ে দিয়েছে। আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে। দেশ এখনো মাদকমুক্ত হয়নি, দুর্নীতিমুক্ত হয়নি, চাঁদাবাজমুক্ত হয়নি। সিভি নিয়ে অফিসের দরজায় দরজায় ঘোরা বন্ধ হয়নি। জিনিসপত্রের দাম এখনো পর্যন্ত কমেনি।’

সোনাগাজী বাজারের তাকিয়া রোড থেকে শুরু হওয়া পদযাত্রাটি পৌর প্রাঙ্গণে এসে পথসভায় মিলিত হয়। এনসিপি সোনাগাজী উপজেলা আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ জোনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন পিয়াল, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। এছাড়া ফেনী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব ও সদস্য আবদুল্লাহ আল জোবায়ের উপস্থিত ছিলেন।

সভায় আলী আহসান মোহাম্মদ জোনায়েদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে ৭০ শতাংশ ভোটারের গণভোটের রায় মানছে না। গণভোটের রায় বাস্তবায়ন না করে জুলাই যোদ্ধারা ঘরে ফিরবে না। তিনি জানান, জুলাই অভ্যুত্থানে চৌদ্দ শ শহীদের পাশে আছে এনসিপি এবং পাঁচটি সুনির্দিষ্ট দাবিতে সারা দেশে এই পদযাত্রা কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচির শুরুতে হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা সোনাগাজীর শহীদ জুলাই যোদ্ধা বোরহান উদ্দিন এবং দুপুরে ফুলগাজীর আনন্দপুরে শহীদ সারোয়ার জাহান শ্রাবণের কবর জিয়ারত করেন।