জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ কক্ষে সদস্যদের নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনা চলাকালে সংসদ সদস্যদের কেউ কেউ নিজেদের মধ্যে কথা বলতে থাকলে তিনি এই অনুরোধ জানান।
দিনের কার্যসূচি অনুযায়ী, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী তাঁর সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন। সংশ্লিষ্ট মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তিনি প্রস্তাবটি প্রত্যাহার করে নেন। এই প্রক্রিয়া চলাকালীন সংসদ কক্ষে শোরগোল ও কথাবার্তা বেড়ে গেলে ডেপুটি স্পিকার কায়সার কামালকে বলতে শোনা যায়, ‘একটু আস্তে কথা বলতে বলেন না।’
এরপর চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় চিফ হুইপ, আপনি নিজেও চেষ্টা করছেন। একটু আস্তে কথা বলি আমরা। দিস ইস পার্লামেন্ট।’






