রাজধানীর লে মেরিডিয়ানে গত মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবিডি) ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন। অনুষ্ঠানে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) ও মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করা ১৭৮ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিকোলাস ম্যাকলিন। সদ্য স্নাতকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য বৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে শিক্ষাসেবা। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, সেখানে উচ্চশিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছেন, আমরা সব সময়ের মতোই তাঁদের পাশে থাকতে চাই। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
বিশেষ অতিথির বক্তব্যে অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর (পাথওয়েজ পার্টনারশিপস) তানিয়া পেরেরা শিক্ষার্থীদের মেধার প্রশংসা করে বলেন, ‘আজ এই শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে আমি সত্যিই অনুপ্রাণিত। এ অর্জনের পেছনে তাঁদের যে নিষ্ঠা ও অধ্যবসায় রয়েছে, তা প্রশংসনীয়। তাঁরা প্রমাণ করেছেন, বৈশ্বিক পরিসরে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি ও একাডেমিক সক্ষমতা তাঁদের রয়েছে।’
বাংলাদেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার হিসেবে ইউসিবিডি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাথওয়ে প্রোগ্রামগুলো পরিচালনা করে আসছে। এর ফলে শিক্ষার্থীরা দেশেই অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার প্রাথমিক ধাপ শুরু করার সুযোগ পাচ্ছেন। এই প্রোগ্রামগুলো শেষ করে শিক্ষার্থীরা মোনাশ ইউনিভার্সিটিসহ বিশ্বের নামী সব বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পান।
সমাবর্তন অনুষ্ঠানে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মানাস সিং বলেন, বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসানীতি ও অন্যান্য বিধিনিষেধ কঠোর হলেও ইউসিবিডির শিক্ষার্থীরা নির্বিঘ্নে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় অগ্রসর হচ্ছেন। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।






