স্কলাস্টিকা মিরপুর ক্যাম্পাসের প্রোগ্রামিং ক্লাবের ফ্ল্যাগশিপ আয়োজন স্কলাস্টিকা ইন্টারন্যাশনাল টেক সামিট (এসটিএস ’২৬) আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর মিরপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শরৎকালীন প্রতিযোগিতার পরিসরে এই সামিট প্রযুক্তিনির্ভর সৃজনশীলতা ও উদ্ভাবনে আগ্রহীদের জন্য একটি অনন্য মঞ্চ হিসেবে আবির্ভূত হবে। গত বছর ৪ ও ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এসটিএস ’২৫ ব্যাপক সাফল্য অর্জন করেছিল। সেই ধারাবাহিকতায় এবার আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় আয়োজন নিয়ে ফিরছে সংস্থাটি।

বাংলাদেশের স্কুলশিক্ষার্থীদের জন্য অন্যতম বৃহৎ প্রযুক্তি সামিট হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলতে চাওয়া এসটিএস ’২৬–এ রয়েছে মোট ১৩টি প্রতিযোগিতা বিভাগ। প্রযুক্তিভিত্তিক আইডিয়া উপস্থাপন, হ্যাকিং চ্যালেঞ্জ, অনুসন্ধানমূলক সমস্যা সমাধান, ব্যবসা, কূটনীতি থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা—বিভিন্ন আগ্রহ ও দক্ষতার শিক্ষার্থীদের জন্য রয়েছে অংশগ্রহণের সুযোগ। প্রতিযোগিতার বিভাগগুলো হলো হ্যাকাথন, টেক ট্রিভিয়া, নাম্বার থিওরি, ইনোভেটর’স অ্যারেনা, সাসটেইনোভেট, সাইবার ডিপ্লোম্যাসি, সাইবার ফরেনসিকস, র‍্যাপিড রেন্ডার, পিচ কম্পিটিশন, রোবোটিকস, মোশন মাস্টারমাইন্ড, টেনসর ওয়ার্স ও ই–স্পোর্টস ফিফা।

এবারের আয়োজনে দুটি নতুন বিভাগ যুক্ত হয়েছে। বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও)–এর সহযোগিতায় আয়োজিত টেনসর ওয়ার্স কৃত্রিম বুদ্ধিমত্তায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। পাশাপাশি ভার্চ্যুয়াল কৌশল ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে আগ্রহীদের জন্য ই–স্পোর্টস ফিফা প্রতিযোগিতাটি আকর্ষণীয় হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীরাও ইনোভেটর’স অ্যারেনা, মোশন মাস্টারমাইন্ড ও সাসটেইনোভেটের মতো সাবমিশনভিত্তিক বিভাগগুলোয় অংশ নিতে পারবেন। ফলে দেশীয় পরিসর অতিক্রম করে বিশ্বের বিভিন্ন প্রান্তের উদ্ভাবনী চিন্তাধারার শিক্ষার্থীদের একত্র করার লক্ষ্য নিয়েছে সামিটটি।

আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, "মাত্র এক হাজার টাকা নিবন্ধন ফি দিয়ে অংশগ্রহণকারীরা এসব সুযোগ–সুবিধা উপভোগ করতে পারবেন। নিবন্ধন চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এখন অপেক্ষা শুধু এ বছরের অংশগ্রহণকারীদের—তাঁদের সৃজনশীলতা ও উদ্ভাবনের মাধ্যমে কী নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়, তা দেখার।"

সাইবার ডিপ্লোম্যাসি বিভাগে আধুনিক ভূরাজনীতি, প্রযুক্তি ও সংকট ব্যবস্থাপনা নিয়ে আগ্রহী শিক্ষার্থীরা বাস্তবসম্মত সংকট পরিস্থিতিতে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা অর্জন করবেন। শিক্ষার্থীদের বিনোদন ও স্বাস্থ্যবিধি বিবেচনায় রাখা হয়েছে। ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, সাংস্কৃতিক পরিবেশনা এবং ফুড পার্টনার ‘স্ম্যাশড’–এর সহযোগিতায় মানসম্মত খাদ্যসেবা দুই দিনব্যাপী আয়োজনজুড়ে থাকবে। মুক্তকণ্ঠ এই আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে।