এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার পর এবার কারিগরি শিক্ষকদেরও বদলি প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩০ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইল ঠিকানা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) অধিদপ্তরের এমপিও শাখা থেকে প্রকাশিত এক জরুরি নোটিশে এসব বিষয় জানানো হয়।
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুমোদনক্রমে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালার আলোকে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সকল শিক্ষকের বদলি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইল এড্রেস থাকা অতীব প্রয়োজন।
এমতাবস্থায়, সকল বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব ই-মেইল এড্রেস তৈরী করে তা আগামী ৩০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে [email protected] ঠিকানায় মেইল করে অথবা বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্ধারিত গুগল ফরম লিংকের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।