বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার অনলাইন ফরমপূরণ আগামী ২ সেপ্টেম্বর শুরু হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরমপূরণ চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। তবে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি জমা দেওয়ার শেষ সময়সীমা ১১ সেপ্টেম্বর।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার ৫ম শ্রেণিতে অধ্যয়নরত সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রতি পরীক্ষার্থীর জন্য বোর্ড ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি মাদ্রাসা প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের অনুকূলে জমা দিতে হবে।
প্রতিষ্ঠানগুলোকে সরাসরি নির্ধারিত ওয়েবসাইট (www.ebmeb.gov.bd)-এ প্রতিষ্ঠানের EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফরমপূরণের সময় শিক্ষার্থীর নিজ নাম, পিতা-মাতার নাম এবং জন্ম নিবন্ধন নম্বর ডিজিটাল জন্ম সনদ ও ভর্তি রেজিস্টার অনুযায়ী নির্ভুলভাবে ইনপুট দেওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।