২০২৬ সালের দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদন গ্রহণ আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ড এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্দিষ্ট সময়সূচি ও কার্যপদ্ধতি জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ড অনুমোদিত দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশনভুক্ত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ঘোষিত সময়সূচি মোতাবেক, আগামী ২ সেপ্টেম্বর বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে। একই দিন থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণের সুযোগ থাকবে। তবে বোর্ড ফি জমার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর।
আবেদনকারী প্রতিটি শিক্ষার্থীর ক্ষেত্রে বোর্ড ফি হিসেবে ৪০০ টাকা অনলাইনে এবং কেন্দ্র ফি হিসেবে ২০০ টাকা সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে। মাদ্রাসা প্রধানদের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্র ফি সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের অনুকূলে জমা করতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে মাদ্রাসা কর্তৃপক্ষকে বোর্ডের ওয়েবসাইটে অনলাইন সেবা-২ প্যানেলে গিয়ে প্রতিষ্ঠানের EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর সম্ভাব্য তালিকা থেকে শিক্ষার্থী নির্বাচন করে সাময়িক তালিকা যাচাই করতে হবে। সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে মাধ্যমে ফি জমার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রিন্ট করার অপশন সচল হবে। উক্ত তালিকায় শিক্ষার্থী ও মাদ্রাসা প্রধানের স্বাক্ষর নিশ্চিত করা বাধ্যতামূলক।