দেশের পরিবেশবান্ধব যাতায়াতব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে দুটি নতুন বৈদ্যুতিক মোটরসাইকেল বাজারে এনেছে ব্র্যান্ড রিভো বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকাতে আয়োজিত এক অনুষ্ঠানে রিভো সি৩৫ ও সি৩৫-ওয়াই মডেল দুটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। আধুনিক প্রকৌশল প্রযুক্তি ও কমপ্যাক্ট ডিজাইনের সমন্বয়ে তৈরি এই বাইক দুটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা এবং ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা।
‘রাইড ডিফারেন্ট’ প্রতিপাদ্যের আলোকে নির্মিত এই বাইকগুলোতে ব্যবহার করা হয়েছে নান্দনিক মেকা অনুপ্রাণিত ডিজাইন, ব্লেড-স্টাইল এয়ার গাইড সাইড গ্রিল এবং অ্যারোডাইনামিক বডি। গ্রাহকদের জন্য কালো, ধূসর, সবুজ ও লাল—এই চারটি রঙের বিকল্প রাখা হয়েছে। দীর্ঘস্থায়িত্বের লক্ষ্যে উভয় মডেলেই ৭২ ভোল্ট ৩৫ অ্যাম্পিয়ার-আওয়ারের শক্তিশালী গ্রাফিন ব্যাটারি ও উচ্চদক্ষতাসম্পন্ন পাওয়ারট্রেইন ব্যবহার করা হয়েছে। গতিবেগের ক্ষেত্রে রিভো সি৩৫ সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং রিভো সি৩৫-ওয়াই সর্বোচ্চ ঘণ্টায় ৫৫ কিলোমিটার গতি তুলতে সক্ষম।
প্রযুক্তিগত দিক থেকে বাইক দুটি বেশ আধুনিক। একবার পূর্ণ চার্জে এগুলো প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারে। রাইডারদের সুবিধার জন্য এতে রয়েছে ৮ ইঞ্চির এলসিডি পর্দা এবং রিয়েল-টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস), যা ব্যাটারির চার্জ ও সার্বিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেয়। অনুষ্ঠানে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি বলেন, "রিভো উদ্ভাবনী প্রকৌশলকে এমন স্মার্ট ও শূন্য-নির্গমন (জিরো-এমিশন) প্রযুক্তিতে রূপ দিয়েছে, যা বাংলাদেশের আধুনিক নগর জীবনের চালকদের প্রতিদিনের যাতায়াতের প্রয়োজন খুব সহজেই মেটাতে সক্ষম হবে।"
নতুন মডেল দুটির প্রমোশনে বিশেষ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে রিভো সি৩৫ কিনলে ক্রেতারা ৫ হাজার টাকা ক্যাশব্যাকসহ একটি আকর্ষণীয় উপহার পাবেন।