ইন্টারনেট ডেটা প্যাকেজ শেষ হয়ে যাওয়ার পরও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারের বিশেষ সুবিধা নিয়ে এসেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। মেটা ও টেলিনর লিনক্সের কারিগরি সহায়তায় ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ নামের এই সেবাটি চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রামীণফোন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটি জানায়, এই ফিচারের মাধ্যমে গ্রাহকেরা ডেটা ছাড়াই সীমিত পরিসরে ইনস্টাগ্রামের প্রয়োজনীয় সেবাগুলো সচল রাখতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনস্টাগ্রাম বেসিক মোডে ইনস্টাগ্রামের নোটিফিকেশন দেখার পাশাপাশি ক্যাপশন পড়া, সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করার মতো প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন গ্রাহকেরা, যা তাঁদের নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকতে সহায়তা করবে। তবে উচ্চ রেজোল্যুশনের ছবি বা ভিডিও দেখার মতো পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পেতে গ্রাহকেরা অ্যাপের ভেতর থেকেই নতুন ডেটা প্যাকেজ কেনার সুযোগ পাবেন।
নতুন এই উদ্যোগ সম্পর্কে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ‘বর্তমানে ডিজিটাল জীবনধারা দিন দিন আরও বেশি প্রসার লাভ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকার গুরুত্বও বাড়ছে। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রাম বেসিক মোড আমাদের গ্রাহকদের ডেটা শেষ হয়ে গেলেও তথ্য জানতে এবং সবার সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করবে।’






