মেটার কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রকল্পের অগ্রগতি প্রত্যাশিত গতিতে হয়নি বলে স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। প্রায় আট হাজার কর্মী ছাঁটাই এবং অভ্যন্তরীণ দায়িত্ব পরিবর্তনের কয়েক মাস পর এই কথা জানান তিনি। জাকারবার্গের মতে, এআই এজেন্ট প্রযুক্তির উন্নয়নের কাজ ধারণার চেয়ে ধীরগতিতে এগিয়েছে, যার ফলে গত কয়েক মাসে কাঙ্ক্ষিত অগ্রগতি আসেনি।
সম্প্রতি মেটার একটি অভ্যন্তরীণ সভায় জাকারবার্গ জানান, অন্তত গত চার মাসে এআই এজেন্টের উন্নয়ন যে গতিতে এগোবে বলে আশা করা হয়েছিল, বাস্তবে তা হয়নি। ফলে এআই এজেন্টভিত্তিক উদ্যোগগুলো এখনো প্রত্যাশিত ফল দিতে পারেনি। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে আশাবাদী সিইও; তাঁর ধারণা, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় মেটার বিপুল বিনিয়োগের সুফল আরও স্পষ্টভাবে দৃশ্যমান হবে।
চলতি বছরের শুরুতে মেটা বড় ধরনের পুনর্গঠনের ঘোষণা দেয়। এর আওতায় প্রতিষ্ঠানের বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ বা প্রায় আট হাজার কর্মীকে ছাঁটাই করা হয়। পাশাপাশি সাত হাজার কর্মীকে কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট বিভিন্ন দলে নিয়োগ দেওয়া হয়। মূলত এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, ২০২৬ সাল নাগাদ এই খাতে মেটার বিনিয়োগের পরিমাণ ১৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে। তবে কর্মী ছাঁটাই ও পুনর্গঠনের এই সিদ্ধান্ত প্রতিষ্ঠানের ভেতরে অসন্তোষ তৈরি করেছে এবং কর্মীদের মনোবলেও প্রভাব ফেলেছে বলে জানা গেছে।
অন্যদিকে, কর্মীদের কম্পিউটারে বিতর্কিত মাউস ট্র্যাকিং সফটওয়্যার ব্যবহারের বিষয়ে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওয়ার্থ জানিয়েছেন, "অভ্যন্তরীণ পর্যালোচনায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় কর্মীদের ব্যক্তিগত তথ্য এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে।" তবে তিনি আরও জানান, পুনরায় সফটওয়্যারটি চালু করা হলে ব্যবহারকারী চাইলে তা বন্ধ রাখতে পারবেন।
বর্তমান পরিস্থিতি সামাল দিতে কর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি এবং কাজের পরিবেশ উন্নত করার উদ্যোগ নিয়েছে মেটা। এর অংশ হিসেবে কর্মীদের জন্য এআইনির্ভর বিভিন্ন প্রশিক্ষণ, অফিসে অতিরিক্ত খাবারের ব্যবস্থা, ভ্রমণ বাজেট বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।






