আগামী ২৯ আগস্ট ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে ‘আইসিপিসি–জেআরসি ইন্টার কলেজ প্রোগ্রামিং কনটেস্ট’ ও ‘আইসিপিসি–জেআরসি ইনট্রা–ইউএপিা প্রোগ্রামিং কনটেস্ট’ শীর্ষক দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশে প্রোগ্রামিং প্রতিযোগিতা জনপ্রিয়করণে প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর (জেআরসি) অবদান স্মরণ করে বিশ্ববিদ্যালয়টির প্রোগ্রামিং কনটেস্ট ক্লাব (পিসিসি) এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ যৌথভাবে এই আয়োজন করেছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে আয়োজকরা এ তথ্য জানিয়েছেন। প্রতিযোগিতার জন্য আগামী ২৭ আগস্ট পর্যন্ত নিবন্ধনের সুযোগ রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে উত্তর যাচাইয়ের পাশাপাশি তাৎক্ষণিক ফলাফল প্রদর্শন করতে রিয়েল-টাইম স্কোরবোর্ড ব্যবহার করা হবে। ফলে আইসিপিসির (আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা) আদলে একটি প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং প্রতিযোগিতার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
আয়োজকদের তথ্যমতে, ২০২৬ থেকে ২০২৮ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি নির্ধারিত যোগ্যতা পূরণ করে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বিজয়ীরা পুরস্কার পাওয়ার পাশাপাশি আইসিপিসি–জেআরসি স্কলারশিপ অ্যাওয়ার্ড পাবেন।
বাংলাদেশের শিক্ষা ও প্রকৌশল ক্ষেত্রে অসামান্য অবদানের পাশাপাশি দেশে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ২০১৬ সালে ইউএপিতে এনসিপিসি এবং ২০১৬ ও ২০১৭ সালে এসিএম-আইসিপিসি ঢাকা আঞ্চলিক পর্ব আয়োজনে তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব উদ্যোগ পরবর্তী সময়ে ঢাকায় ৪৫তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালস ২০২২ আয়োজনের পথ সুগম করতে সহায়তা করে।