পাবনার চাটমোহর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাছের আলী (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পাশে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত নাছের আলীর বাড়ি উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ছাকোলা বাজার থেকে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন নাছের আলী। পথে বোয়াইলমারী কবরস্থানের পাশে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে এবং গলা কেটে পালিয়ে যায়। প্রাণ বাঁচাতে গুরুতর আহত অবস্থায় তিনি দৌড়ে পাশের একটি বাড়ির দরজায় আছড়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) নাসের মুন্সী বলেন, "স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত ব্যক্তিকে উদ্ধার করে। পরে স্বজনেরা এসে তাঁর পরিচয় শনাক্ত করেন। লাশের ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।"