কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটার ডেবলতলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বরইতলী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী রুমি আক্তার (১৫) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম (১০)। তারা পরস্পর চাচাতো ভাই-বোন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণের সময় মহছনিয়াকাটা এলাকায় ব্যাপক পাহাড় কাটা হয়। ওই পাহাড়ের কিছু টিলা এখনো অবশিষ্ট রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা সেসব টিলার পাদদেশে বসতি গড়ে তুলেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, আবদুল মজিদ ও মোহাম্মদ কাজল নামের দুই ভাই একই বসতঘরে বসবাস করেন। গতকাল বুধবার রাতে প্রতিদিনের মতো দুই পরিবারের সদস্যরা ঘুমানোর প্রস্তুতি নেন। টানা তিন দিনের বৃষ্টিতে পাহাড়ের পাদদেশ নরম হয়ে যাওয়ায় রাত একটার দিকে পাহাড়ের একটি অংশ হঠাৎ বসতঘরের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
ঘটনা প্রসঙ্গে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার মুক্তকণ্ঠকে বলেন, "পাহাড়ধসে দুই শিশু মারা গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তার চেষ্টা চলছে।"






