চট্টগ্রামের রাউজানে নালার স্রোতে ভেসে গিয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ মোস্তাকিম। সে ওই এলাকার মোহাম্মদ পারভেজ হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শিশু মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের সঙ্গে দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। দাদার পেছনে পেছনে হাঁটার এক পর্যায়ে সড়কের পাশে পানি চলাচলের নালায় পড়ে যায় সে। গত চার দিনের টানা বর্ষণে নালার স্রোত অত্যন্ত প্রবল থাকায় মুহূর্তেই শিশুটি ভেসে যায়। বেশ কিছুদূর ভেসে যাওয়ার পর স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালক তাকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটি তার দাদার পেছনে পেছনে একটি দোকানের দিকে যাচ্ছিল। বৃষ্টির কারণে নালায় স্রোত থাকায় পড়ে গিয়ে শিশুটি ভেসে যায়। পরে আমার গাড়িতে করেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাই। তবে তাকে বাঁচানো যায়নি।’






