বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ১৩ মে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়েছিল। ওই সভায় পুলিশের তৎকালীন সিআইডি প্রধান ও বর্তমান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সভাপতি এবং ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সদ্য প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১০ জনকে সহসভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন— পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থ) আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এসবি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) ফারুক আহমেদ, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, উপমহাপরিদর্শক (এসবি) মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিললুর রহমান, রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এবং খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাতজন। তাঁরা হলেন— ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরা বিভাগের উপকমিশনার মো. ইলিয়াস কবির, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে।

পূর্ণাঙ্গ এই কমিটিতে আরও ছয়জন সহসাংগঠনিক সম্পাদক এবং অর্থ সম্পাদক, সহ-অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, সহদপ্তর সম্পাদক, আইনবিষয়ক সম্পাদক, সহ-আইনবিষয়ক সম্পাদক, আন্তসার্ভিস সমন্বয়বিষয়ক সম্পাদক, সহ-আন্তসার্ভিস সমন্বয়বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক, সহপ্রচার সম্পাদক, প্রকাশনাবিষয়ক সম্পাদক, সহপ্রকাশনাবিষয়ক সম্পাদক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক, গবেষণা ও উন্নয়ন সম্পাদক, সহগবেষণা ও উন্নয়ন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সহক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, সহসাংস্কৃতিক সম্পাদক, মহিলাবিষয়ক সম্পাদক, সহমহিলাবিষয়ক সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, সহত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, আপ্যায়ন সম্পাদক ও সহ-আপ্যায়ন সম্পাদক নিযুক্ত হয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ৯৭ জন।