ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার জাতীয় সংসদে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।
চলতি সংসদে এখন পর্যন্ত মোট ৯টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে সরকারি হিসাব কমিটিই প্রথম, যার সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হলো বিরোধী দলকে। উল্লেখ্য, গত একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদেও এই গুরুত্বপূর্ণ কমিটির প্রধানের পদটি বিরোধী দলের হাতে ছিল। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার প্রেক্ষিতে যে চারটি সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে মনোনীত করার বিষয়ে ঐকমত্য হয়েছিল, সরকারি হিসাব কমিটি তার অন্যতম।
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন— বিএনপির সংসদ সদস্য আমানউল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), মো. মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারী হেলাল (খুলনা-৪), মোহাম্মদ মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মো. রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।






