জাতীয় সংসদ অধিবেশনে বিরতির পর সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই প্রশ্নোত্তর পর্ব শেষ করতে হয়েছে। আজ বুধবার আসরের নামাজের বিরতির পর সংসদের বৈঠকে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

সংসদের আজকের কার্যসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরের পর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছিল। এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর পর্বের সূচি নির্ধারিত ছিল।

অধিবেশনের শুরুতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সংসদকক্ষে উপস্থিত ছিলেন এবং সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একপর্যায়ে আসরের নামাজের বিরতি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদকে জানান, আসরের নামাজের বিরতির পর প্রশ্ন পর্বের অবশিষ্ট অংশ চালু হবে।

বিরতি শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পুনরায় বৈঠক শুরু হয়। তবে এ সময় সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদকক্ষে উপস্থিত ছিলেন না। ডেপুটি স্পিকার কিছুক্ষণ অপেক্ষা করার পর বলেন, ‘এখন যেহেতু মাননীয় মন্ত্রীদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। দুঃখজনকভাবে যেসব মন্ত্রী মহোদয়ের জন্য প্রশ্ন ছিল, তাঁরা কেউ এ হাউসে উপস্থিত নেই। যে কারণে আমরা প্রশ্ন উত্তর পর্বটা এখানে সমাপ্ত ঘোষণা করছি।’

পরবর্তী কার্যসূচি শুরু হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রীদের অধিবেশনে যোগ দিতে দেখা গেলেও বিধি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব আর অনুষ্ঠিত হয়নি।