চট্টগ্রামের দুটি পৃথক পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে চট্টগ্রাম নগরের চশমা হিলের মেয়র গলি এবং সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে এই দুর্ঘটনা দুটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে জঙ্গল সলিমপুরের বাগানবাড়ির ৬ নম্বর সমাজ এলাকায় পাহাড়ধস হয়। এতে ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম ওরফে তানভীরের মৃত্যু হয়। ওই শিশুর মা লামিয়া আক্তার মাটিচাপা পড়ে আহত হলে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। নিহত শিশু আশরাফুল ইসলাম ওই এলাকার মঈন উদ্দিনের ছেলে।

তানভীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "চার দিন ধরে সীতাকুণ্ডে টানা হচ্ছে। পাহাড়ধসের আশঙ্কায় উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। তবুও অনেক বাসিন্দা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে গেছেন।"

ইউএনও আরও জানান, আজ সকালে জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের ৬ নম্বর সমাজে পাহাড়ধসের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। আহত শিশুর মায়ের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

অন্যদিকে, নগরের চশমা হিলের মেয়র গলি এলাকায় দুপুরে পাহাড়ধসে সামিয়া ইসলাম (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে মুক্তকণ্ঠকে বলেন, "পাহাড়ধসে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়। দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।"