রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান গত ৩০ জুন রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী ৮ জুলাই তারিখ ধার্য করেছিলেন। আজ শুনানি শেষে আদালত উক্ত আবেদনটি মঞ্জুর করেন।
উল্লেখ্য, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ২০২৪ সালের ২২ আগস্ট পুলিশের হাতে গ্রেপ্তার হন। হত্যাসহ আরও বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত হয়ে তিনি বর্তমানে কারাগারে অবস্থান করছেন।






