দেশের চারটি বিভাগের বেশ কিছু নদীর পানি আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে, যার ফলে ওই অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্রে এই তথ্য জানা গেছে। তবে তিন দিন পর পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে ওই সূত্র।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত চলছে। কিছু কিছু এলাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়িয়ে গেছে। গতকাল চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ এবং আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে।

বৃষ্টির প্রভাবে ইতিমধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্ব, পূর্ব, দক্ষিণC দক্ষিণ-পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান আজ মুক্তকণ্ঠকে বলেন, "যে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে, তা তিন দিন থাকতে পারে। এর পর থেকে, অর্থাৎ শনিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।"

বর্তমানে দেশের সব প্রধান নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে অতি ভারী এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়, ত্রিপুরাসহ উজান এলাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং সংলগ্ন ভারতীয় উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, তিস্তা নদী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি সুরমা-কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার ও ধরলাসহ কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে।