দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার ঢাকা–পঞ্চগড় মহাসড়কের পাঁচপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক মো. নাজমুল ইসলাম (৩২)।
নিহত ব্যক্তিরা হলেন কাহারোল উপজেলার মালগ্রাম গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও তাঁদের ছেলে মো. আবদুল্লাহ (৩)। এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য নাজমুল ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকার দিকে রওনা দেন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাঁচপীর মোড়ে পৌঁছালে পেছন থেকে মাছবাহী একটি পিকআপ ভ্যান তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। পরে পিকআপ ভ্যানটির চাকা নাজমুলের স্ত্রী ও সন্তানের শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নাজমুল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনার বিষয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। মা ও ছেলের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা–পুলিশসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আমরা পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা করছি।’






