পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছালে যাত্রীরা ছাদে লাশটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত শিশুটির নাম নিরব হোসেন (১১)। সে বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভিরু মিয়ার ছেলে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর কয়েকজন যাত্রী ছাদে উঠতে গেলে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। এরপর বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানানো হলে রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঘটনা প্রসঙ্গে ঈশ্বরদী রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, "শিশুটির মাথায় আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন চলাচলের সময় কোনো রেলসেতুর সঙ্গে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে।"

ওসি আরও জানান, শিশুটির পকেটে থাকা মুঠোফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।