কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল লার্নিং এবং অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং করপোরেট প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এই এআই-নির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামী ১১ জুলাই ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওপেন সোর্স প্রযুক্তির শিক্ষা প্ল্যাটফর্ম মুডলের ব্যবহারকারী, উদ্যোক্তা, অংশীদার ও বিশেষজ্ঞ তথা মুডল সম্প্রদায়ের সম্মেলন মুডলমুট। দেশে মুডলের অংশীদার ব্রেইন স্টেশন এই সম্মেলনের আয়োজন করেছে, যেখানে সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণের সুযোগ থাকছে। বার্সেলোনা, এডিনবরা, মেলবোর্ন কিংবা মেক্সিকো সিটির মতো বিশ্বখ্যাত শহরগুলোতে প্রতিবছর মুডলমুট অনুষ্ঠিত হলেও বাংলাদেশ এবারই প্রথম এই বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হতে যাচ্ছে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষা ও কর্মক্ষেত্রের শিক্ষণব্যবস্থার বৃহৎ পরিসরের রূপান্তর’। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় বৃহৎ পরিসরে শিক্ষা এবং কর্মক্ষেত্রের শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর, ব্যক্তিকেন্দ্রিক এবং টেকসই করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, নিবন্ধিত অংশগ্রহণকারীগণ ই-লার্নিং সেবায় ব্যবহারযোগ্য ৫০ হাজার টাকা মূল্যের একটি ব্রেইন স্টেশন ২৩–এর সার্ভিস ক্রেডিট ভাউচার পাবেন। ২০২৬ সালের ১১ জুলাই শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত ঢাকার মহাখালীতে অবস্থিত ব্রেইন স্টেশন কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আগ্রহী ব্যক্তিরা (https://moot.brainstation-23.com/register) ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।