মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আটক এক মাদক ব্যবসায়ীকে ককটেল বিস্ফোরণের মাধ্যমে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। সোমবার রাত আটটার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযান চলাকালীন পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে ৩০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ। অভিযান চলাকালীন ওই এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সাথে নিয়ে ওই এলাকায় অস্ত্র উদ্ধারের চেষ্টা করে গোয়েন্দা পুলিশ। এই খবর ছড়িয়ে পড়লে পারভেজের সহযোগীরা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একের পর এক ককটেল বিস্ফোরণের মুখে ডিবি সদস্যরা পিছু হটতে বাধ্য হন। সেই সুযোগে কৌশলে পারভেজকে নিয়ে পালিয়ে যায় তার সহযোগীরা।

ঘটনা প্রসঙ্গে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম বলেন, "গোয়েন্দা পুলিশের দুজন উপপরিদর্শকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পারভেজের কয়েক শ লোক জড়ো হয়ে ককটেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। পরে পালিয়ে যান পারভেজ। ঘটনাস্থল থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পারভেজকে আসামি করে মাদক আইনে মামলা করা হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীকে ধরতে থানা–পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।"