নারায়ণগঞ্জে নিখোঁজের এক দিনের মাথায় মোতালেব হোসেন (৬১) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে নগরের জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি-সংলগ্ন সড়কের পাশ থেকে লেপ-তোশকে মোড়ানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাঁকে অপহরণের পর অন্য কোথাও হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রাখা হয়েছিল।
নিহত মোতালেব হোসেনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। মাসদাইর বাজারে লাইব্রেরির পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তাঁর স্বজনেরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ ভোরে স্থানীয় লোকজন সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধের পাশাপাশি গরম পানির সেঁকা দেওয়ারও আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতেই মোতালেব হোসেনকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।






