আধুনিক বাংলা ভাস্কর্যের পথিকৃৎ শিল্পী নভেরা আহমেদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে বলেছেন বক্তারা। গতকাল সোমবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘নভেরা আহমেদ: নিভৃতে অবয়ব’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তাঁরা।

নভেরা আহমেদের জীবন, কর্ম ও শিল্পচিন্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

আলোচনায় কানিজ মওলা বলেন , নতুন প্রজন্মের মধ্যে নভেরা আহমেদের শিল্পদর্শন ও আধুনিক ভাস্কর্যে তাঁর অবদান তুলে ধরতে হবে। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ ধরনের অনুষ্ঠানে নিয়মিত সম্পৃক্ত করার মতামত দেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক সাইফুল ইসলাম। তিনি ভাস্কর নভেরা আহমেদের শিল্পভুবন, তাঁর সৃজনশীল যাত্রা, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর অবস্থান এবং বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় গবেষক শিকোয়া নাজনীন নভেরা আহমেদের শিল্পচর্চার নান্দনিক ও ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করে তাঁর কর্মের সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে তাঁর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের অনুরোধ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের কিপার মোহাম্মদ মনিরুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব।