কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে এসেছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আজ মঙ্গলবার সকালে তাঁদের মরদেহ দেশে আসে।
নিহত ব্যক্তিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন ও আমরপুর গ্রামের জিবাল আহমেদ।
মরদেহবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-২২৬) গতকাল সোমবার রাতে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। ফ্লাইটটি আজ সকালে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
২১ জুন সকালে কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন। গতকাল কাতারের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ মাশহুদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দূতাবাস জানায়, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহগুলো দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
মরদেহগুলো যথাযথভাবে পরিবারের কাছে হস্তান্তরসহ অন্যান্য সুবিধা প্রদানের বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কাজ করার তথ্য আগেই জানানো হয়।






