কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়া এলাকা থেকে অস্ত্র-গুলিসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জনতা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিল এলাকার মৃত উলা মিয়ার ছেলে নেজাম উদ্দিন (৩৭) ও মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)। তাঁদের কাছ থেকে দেশে তৈরি ২টি বন্দুক, ২টি গুলি, ১২টি খালি কার্তুজ উদ্ধার হয়েছে। এ ছাড়া তাঁদের সঙ্গে থাকা একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, ভোর চারটার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে ১২ জন ব্যক্তি করিয়ারদিয়া এলাকায় একটি মাছের ঘের দখল করতে যান। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া দেন। একপর্যায়ে অস্ত্র-গুলিসহ দুজনকে আটক করেন বাসিন্দারা। একই সঙ্গে তাঁদের একটি নৌকাও আটক করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান শুক্রবার বিকেলে মুক্তকণ্ঠকে বলেন, মাছের ঘের দখল করতে গিয়ে স্থানীয় লোকজন দুজনকে অস্ত্রসহ ধরে পুলিশে দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে। আগামীকাল শনিবার সকালে তাঁদের চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।






