চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় এক গ্যারেজমালিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার বারিয়ারহাট পৌর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গ্যারেজমালিকে নাম মোহাম্মদ আলী (৫০)। তিনি উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ মেহেদী নগর গ্রামের ফকির আহমদের ছেলে। গতকাল তিনি গ্যারেজের কাজ শেষে বাড়িতে ফিরছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ি ফেরার পথে বারিয়ারহাট পৌর বাজারের গ্রিন টাওয়ার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোহাম্মদ আলীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলীর প্রতিবেশী কামরান মেহেদী মুক্তকণ্ঠকে বলেন, বারিয়ারহাট পৌর বাজারে মোহাম্মদ আলীর গাড়ি মেরামতের গ্যারেজ ছিল। গতকাল রাতে কাজকর্ম সেরে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে কাভার্ড ভ্যানচালককে আটকের চেষ্টা করছি। এ ঘটনায় থানায় মামলা করা হবে।’