মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল পেজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের একটি ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে গতকাল। ভিডিওটির আবহ সংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে ‘মহাজাদু’। কোক স্টুডিওতে গানটি গেয়েছিলেন হাবিব ওয়াহিদ। নতুন করে আলোচিত সেই গানটি নিয়ে মুক্তকণ্ঠের মুখোমুখি হলেন এই জনপ্রিয় গায়ক। কথা বলেছেন মনজুরুল আলম
.ভিডিওতে আপনার গান ব্যবহার করা হয়েছে, এই খবর কখন জানতে পেরেছেন?
.হাবিব ওয়াহিদ: সকালে ঘুম থেকে ওঠার পরেই জানতে পেরেছি।
.প্রথম কীভাবে জানলেন?
হাবিব ওয়াহিদ: ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিই। দেখি অনেকেই আমাকে কিছু একটা লিংক পাঠিয়েছেন। কৌতূহল নিয়ে সেই লিংকে ক্লিক করি। তখন দেখি, দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার গান। আমি তো গানটি শুনে অবাক। এটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। কারণ, তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। সেখানে দুটি দেশ জড়িয়ে রয়েছে। সেই ভিডিওতে আমার গানটি ব্যবহার করায় আমি সম্মানিত বোধ করছি। আমি লাকি। নিজেকে ভাগ্যবান মনে করছি।
আগে থেকে কিছু জানতেন?
.হাবিব ওয়াহিদ: আমি কিছুই জানতাম না। কেউ আমার সঙ্গে এটা নিয়ে কথাও বলেনি। হঠাৎ লিংকে দেখে অবাক হয়ে গেছি। কারণ, আমি মোবাইলে ফেসবুক ব্যবহার করি না। ফেসবুকই বলা যায় ব্যবহার করি না।
.আপনার এই গানটিই কেন নিল?
.হাবিব ওয়াহিদ:সেটাও জানি না। হয়তো তাদের ভালো লেগেছে।
.ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। হাজার হাজার শেয়ার হচ্ছে।
হাবীব ওয়াহিদ : ফেসবুক ব্যবহার না করার কারণে বুঝতে পারছি না। আমি তো ফেসবুকের প্রতিক্রিয়া দেখতে পারছি না। তবে অনেকের মাধ্যমে শুনতে পাচ্ছি। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। তবে ভক্তদের যদি ভালো লাগে, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ভক্তদের জন্যই গান করি। আমার কোনো কিছুতে তাঁদের ভালো লাগা মানেই আমারও ভালো লাগা।
তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে তাঁর সঙ্গে কী আপনার দেখা হয়েছে?
.হাবিব ওয়াহিদ:না না, এমন কিছু না। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়নি, কথাও হয়নি। যে কারণে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি।
.এখন তো বেশির ভাগ তারকাই ফেসবুক ব্যবহার করেন, আপনি করেন না কেন?
.হাবিব ওয়াহিদ: আমি ফেসবুক ব্যবহার করি না, বিষয়টি তেমন না। আমার ফেসবুক পেজ আছে। সেখানে আমি আমার কাজের খবর পোস্ট করে ভক্তদের জানাই। কাজের খবরের বাইরে খুব বেশি ব্যবহার করি না। প্রয়োজনে ব্যবহার করলেও ল্যাপটপে বা ডেস্কটপে ব্যবহার করি। কিন্তু মোবাইলে ফেসবুক অ্যাপসটি নেই।
.তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিও, সঙ্গে হাবিবের গান.মোবাইলে ফেসবুক ব্যবহার না করার বিশেষ কোনো কারণ আছে?
.হাবিব ওয়াহিদ: মোবাইলে ফেসবুক ব্যবহার আমার মনোযোগ একেবারে নষ্ট করে দেয়। কাজের ব্যাঘাত ঘটায়। দেখা গেল নিজের কাজের জন্য ব্যবহার করছি, এর মধ্যেই হঠাৎ স্ক্রলিং করতে করতে ৩০ মিনিট সময় কীভাবে চলে যায়, কিছুই বুঝতে পারি না। যে কারণে মোবাইলে ফেসবুক ব্যবহার করে সময় নষ্ট করতে চাই না।
.এখন কী নিয়ে ব্যস্ত?
হাবিব ওয়াহিদ: গান নিয়েই ব্যস্ত। সর্বশেষ ‘প্রেমের কলঙ্ক’ নামে একটি গান প্রকাশ করেছি। সেটাও দর্শক পছন্দ করেছেন। আপাতত এটা নিয়েই ব্যস্ত রয়েছি।






