সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে কয়েস লোদী মহানগরের বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, সম্প্রতি ‘মোহন লাল’ নামের এক ফেসবুক আইডি থেকে কয়েস লোদীকে অশালীন ও অকথ্য ভাষায় গালাগালি করার পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগে জিডি হয়েছে।

জিডিতে রেজাউল হাসান উল্লেখ করেছেন, ‘মোহন লাল’ ফেসবুক আইডি ছাড়াও নামে-বেনামে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে। এ হুমকির কারণে তাঁর জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে।

এ বিষয়ে রেজাউল হাসান মুক্তকণ্ঠকে বলেন, ‘গত বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক (গত রোববার প্রত্যাহার হওয়া) সারওয়ার আলম হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেক সিলগালা করেন ও নতুন দানবাক্স বসান। এ নিয়ে আমি একটা বক্তব্য দিই। বক্তব্যে বলি, স্বচ্ছতার স্বার্থে আয়-ব্যয়ের হিসাব হোক, এটা দরগাহ–সংশ্লিষ্ট অনেকেই চান। কিন্তু জেলা প্রশাসকের ডেকে সিলগালা করার সময় মোতায়াল্লি অথবা দরগাহ–সংশ্লিষ্ট কাউকে নিয়ে কাজটা করলে কৌশলগতভাবে ভালো হতো।’

রেজাউল হাসান আরও বলেন, ‘আমার বক্তব্যের পর একটা মহল উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। পরে জেলা প্রশাসক বদলি হলে ওই মহলটি বলার চেষ্টা করে, এটা আমি ঘটিয়েছি। এটা কোনো কথা? জেলা প্রশাসকের বদলির সঙ্গে আমার বক্তব্যের সম্পর্ক কী? মাজারকেন্দ্রিক কোনো বিষয়েও আমার ভূমিকা নেই। অথচ কয়েক দিন ধরে আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। ইচ্ছাকৃতভাবেই একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে।’