ফ্রান্স ৩–০ ইরাক

এমনই তো হওয়ার কথা ছিল!

না, ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বজ্রপাতসহ ঝড়ে ফ্রান্স–ইরাক ম্যাচ দুই ঘণ্টার বেশি সময় স্থগিত থাকার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের কথা। বজ্রঝড় শুরুর আগে ইরাকের জালে একটি গোল করেন ফরাসি তারকা। সেই ঝড় থামার পর দ্বিতীয়ার্ধেও সেই একই এমবাপ্পেকে দেখা গেল। গোল করলেন আরও একটি। তাঁর পাশাপাশি উসমান দেম্বেলের গোলে ইরাককে ৩–০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নকআউট পর্বের টিকিট কেটেছে ফ্রান্স।

.

এমবাপ্পে যে এই ম্যাচে গোল করবেন–ই—সেটাও অনেকে আন্দাজ করে রেখেছিলেন। কারণটা লিওনেল মেসি! রাতে আগের ম্যাচে ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙেন আর্জেন্টাইন কিংবদন্তি। ১৮ গোল হয়ে গেল তাঁর। ইরাকের বিপক্ষে মাঠে নামার আগে মেসির চেয়ে ৪ গোল ব্যবধানে পিছিয়ে ছিলেন এমবাপ্পে। সেটাকে মাত্র ২ গোলে নামিয়ে আনার পথে ক্লোসারও (১৬) পাশে বসেন ফরাসি এই ফরোয়ার্ড। এখন তাঁর সামনে শুধুই মেসি।

ইরাকের বিপক্ষে প্রথমার্ধের ১৪ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের দারুণ শটে গোল করেন এমবাপ্পে। তখন মনে হচ্ছিল, ফ্রান্স প্রথমার্ধে বুঝি আরও গোল করবে! কিন্তু প্রথমার্ধে আধিপত্য ধরে রেখেও আর গোল পায়নি দিদিয়ের দেশমের দল। ততক্ষণে ফিলাডেলফিয়ার আকাশে জমাট বাঁধে অন্য এক শঙ্কা। বৃষ্টি শুরু হয়েছিল প্রথমার্ধেই। এর মধ্যে প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে খবর আসে, স্টেডিয়ামের ধারে–কাছে কোথাও বজ্রপাত হয়েছে এবং আরও বজ্রপাতসহ ঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। ব্যস, নিয়মের ভেতরে থেকে প্রথমার্ধ শেষে ফিফা দ্বিতীয়ার্ধের খেলা নির্ধারিত সময়ে মাঠে গড়াতে দেয়নি।

বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হওয়া এই ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হয় সকাল ৬ টায়। অর্থাৎ, প্রথমার্ধ শেষে দুই ঘণ্টার বেশি সময় স্থগিত ছিল খেলা। এবার বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটল। বজ্রপাতের আশঙ্কা মিলিয়ে যাওয়ার পর আবারও মাঠে নামে দুই দল। শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।

বিস্তারিত আসছে...।