আষাঢ়ের বৃষ্টিমুখর দিনে যন্ত্রবাদন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ রোববার শুরু হলো দুই দিনের বিশ্বসংগীত দিবস উদ্যাপনের সুরের উৎসব।
আজ বিকেলে একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে এই সুরের উৎসবের সূচনা। শোভাযাত্রাটি শেষ হয় জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে এসে। জাতীয় নাট্যশালা মিলনায়তনের প্রবেশমুখে ওড়ানো হয় রঙিন বেলুনগুচ্ছ। এরপর নাট্যশালা মিলনায়তনের লবিতে পিয়ানো বাদনের মাধ্যমে ‘আগুনের পরশমণি’, ‘বাগিচায় বুলবুলি তুই’, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়’ গানগুলোর সুমধুর সুর পরিবেশিত হয়।
সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে পর্দা ওঠার সঙ্গে সঙ্গে অর্কেস্ট্রায় ‘তুমি নির্মল করো’, ‘মিলন হবে কত দিনে’ ও ‘লাম্বাডা’ সুর পরিবেশন করা হয়। পরিবেশনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ। যন্ত্রসংগীত পরিচালনায় ছিলেন পার্থ মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনের এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আহ্বায়ক হেলাল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
আলোচনা পর্বের পরে ছিল সংগীতসন্ধ্যা। শুরুতেই শিল্পী ফাহমিদা নবী, আগুন, মেহরীন, আলিফ আলাউদ্দিন, পলাশ নূর, সাব্বির জামান, রমা, মিতা খন্দকার, পিয়াল হাসান, অনিমেষ ও অংকুর কুমার সমবেত কণ্ঠে পরিবেশন করে ‘ধনধান্য পুষ্প ভরা’, এবং মাইকেল জ্যাকসনের উই আর দ্য ওয়ার্ল্ড গান দুটি। পরে ছিল বিশিষ্ট শিল্পীদের একক কণ্ঠের গান।
আগামীকাল সোমবার দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে। অনুষ্ঠান সরবা জন্য উন্মুক্ত।
ভূমি আর্ট গ্যালারির আয়োজনে পারসিসটেন্স শীর্ষক দলগত শিল্পকর্ম প্রদর্শনী গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। রাজধানীর উত্তরায় ভূমি গ্যালারির নতুন শাখায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম, সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশিদ।
প্রদর্শনীর অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন তরুণ ঘোষ, ফরিদা জামান, মোহাম্মদ ইউনুস, জামাল আহামেদ, আহমেদ শামসুদ্দোহা, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, শহিদ কাজী ও আবদুল্লাহ আল বশির। শিল্পীদের বিভিন্ন মাধ্যমে আঁকা ৬৬টি শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনী ২৫ জুন পর্যন্ত চলবে।






