চট্টগ্রামের লোহাগাড়ায় মো. আকসান নামের ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুর রউফ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু আকসান ওই এলাকার বাসিন্দা এবং সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক ও পুরোনো বিওসি মসজিদের পেশ ইমাম মোরশেদ হোসেনের ছেলে। আকসান সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন জানান, দুপুরে আকসানসহ একই বয়সী চার বন্ধু বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলছিল। মাঠের একপাশে গোড়ালিসমান পানি ছিল। বেলা একটার দিকে তিন বন্ধু বাড়ি চলে যায়। আকসান তখনো একা ফুটবল খেলছিল। বেলা দেড়টার দিকে এক পথচারী আকসানকে মাঠের পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এরপর তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আকসানকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ মুক্তকণ্ঠকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।






