নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মো. আমির (২৫) আজ শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা যান। বর্তমানে আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মো. আমির শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী এলাকার বাসিন্দা আজহার ব্যাপারীর ছেলে। তিনি ওই বিদ্যুৎকেন্দ্রে কোন পদে কর্মরত ছিলেন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে বিস্ফোরণের ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় শংকর গোমেজ (২৫) নামের বিদ্যুৎকেন্দ্রের এক শেফ মারা যান।

গত বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট এলাকায় জেরা মেঘনাঘাট ৭১৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। তখন ক্যানটিনে কর্মকর্তা-কর্মচারীরা দুপুরের খাবার খাচ্ছিলেন। বিস্ফোরণে মোট ১২ জন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে ৬ জন বাড়ি ফিরে যান। অন্য ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গত বৃহস্পতিবার একজনের মৃত্যুর পর আজ আরও একজন মারা গেলেন।